তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক পদে ভিলেজ পুলিশ, জেলায় সমালোচনার ঝড়
বাঁকুড়া, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক সাধারণ সম্পাদক পদে এক ভিলেজ পুলিশের (গ্রাম পুলিশ / গ্রাম প্রতিরক্ষা কর্মী, যিনি গ্রাম বা স্থানীয় এলাকায় পুলিশ প্রশাসনের সহায়ক হিসেবে কাজ করেন।) নাম ঘোষণাকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র স
তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক পদে ভিলেজ পুলিশ, জেলায় সমালোচনার ঝড়


বাঁকুড়া, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক সাধারণ সম্পাদক পদে এক ভিলেজ পুলিশের (গ্রাম পুলিশ / গ্রাম প্রতিরক্ষা কর্মী, যিনি গ্রাম বা স্থানীয় এলাকায় পুলিশ প্রশাসনের সহায়ক হিসেবে কাজ করেন।) নাম ঘোষণাকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে নিশানা করেছে বিরোধী দল বিজেপি।

অভিযোগ, সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের বাসিন্দা মধুসূদন কর্মকার ২০১২ সাল থেকে ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত। বিগত শনিবার প্রকাশিত তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক কমিটির তালিকায় তাঁকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বাঁধে।

একজন সরকারি কর্মী কীভাবে শাসকদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল ও সাধারণ মানুষের একাংশ। রবিবার গোটা জেলায় এই নিয়োগ ঘিরে চর্চা চলতে থাকে।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট ভিলেজ পুলিশ তাঁর সরকারি দায়িত্ব পালন শেষে দলের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, এই ঘটনায় ফের প্রমাণিত হলো পুলিশ ও তৃণমূল কার্যত এক হয়ে গিয়েছে। তাদের অভিযোগ, যোগ্য কর্মীদের বঞ্চিত করে দলীয় কর্মীদের সিভিক ও ভিলেজ পুলিশ হিসেবে নিয়োগের যে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে করে আসছে, এই ঘটনা তারই উদাহরণ। বিজেপির মতে, যোগ্য বঞ্চিতদের এই বিষয়টি মনে রাখা উচিত।

তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি সৌমেন পাত্র এই নিয়োগকে সমর্থন করে বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচিতে সামিল হতে বিভিন্ন পেশার মানুষ তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছেন। সরকারি দায়িত্ব পালনের পর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় আপত্তির কিছু নেই বলেই তাঁর দাবি।

অন্যদিকে বিজেপির তালডাংরা ৩ নম্বর মণ্ডলের সভাপতি সৌভিক পাত্র বলেন, রাজ্যে পুলিশ ও শাসকদলের একত্রীকরণের অভিযোগ এই ঘটনায় আরও স্পষ্ট হয়েছে।

যদিও তালডাংরার তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু জানিয়েছেন, দলের কোনও কমিটিতে ভিলেজ পুলিশের নাম থাকলে বিষয়টি খতিয়ে দেখে সংশোধনের জন্য ব্লক সভাপতিকে বলা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande