
সুপৌল, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের সুপৌল জেলায় বালুয়া থানা এলাকার বিষণপুর গুমামি ওয়ার্ড নং ৯-এ রবিবার দ্রুতগতির এক মদ পাচারকারীর বাইকের ধাক্কায় ঠেলাচালক রাজদেব মেহতা (৫০) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, মদের চালান নিয়ে পালানোর সময় বাইকটি তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। প্রথমে তাঁকে বীরপুর, পরে সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য মাধেপুরার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে পুলিশ মদ ও একটি মোটরবাইক উদ্ধার করে। তল্লাশিতে ১৬৮ বোতল নেপালি তৈরি ‘দিলওয়ালে’ মদ বাজেয়াপ্ত হয়। দুর্ঘটনার পর পাচারকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য