
সুপৌল, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের সুপৌল জেলার রাঘোপুর থানার অন্তর্গত হুলাস পঞ্চায়েতের বিচারি গ্রামে চিলোনি নদীতে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে রবিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা খনন আধিকারিক শাহবাজ আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে অবৈধ বালি বোঝাই দুটি ট্র্যাক্টর আটক করা হয়। ট্র্যাক্টর দুটির কাছে বালি পরিবহণ সংক্রান্ত কোনও বৈধ চালান পাওয়া যায়নি। প্রশাসনের দাবি, অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করে তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ট্র্যাক্টরগুলি থানায় নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ, ওই যানবাহনের মালিকেরা সমর্থকদের সঙ্গে নিয়ে এসে প্রশাসনিক কাজে বাধা দেন এবং সরকারি গাড়ি আটকান। জেলা খনন আধিকারিক ঘটনার ভিডিও করলে তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঘোপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে জেলা খনন আধিকারিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মোট ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
রাঘোপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার রায় জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান আগামীতেও চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য