
বক্সনগর (ত্রিপুরা), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার সীমান্তবর্তী পুটিয়া এলাকায় শনিবার রাতে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে গুলি করার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তির নাম কাদের মিয়া (৪৫)। তিনি পেশায় শ্রমজীবী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে পুটিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন কাদের মিয়া। অভিযোগ, পুটিয়া বিএসএফ বিওপি-তে কর্মরত এক জওয়ান তাঁকে লক্ষ্য করে গুলি চালান। গুলি তাঁর পায়ে লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে বিএসএফ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।
এদিকে আহত কাদের মিয়ার পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ