
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে নামল বিজেপি। রবিবার বিকেলে খোয়াই জেলার চাকমাঘাটে ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ, প্রাক্তন জঙ্গি সংগঠন এটিটিএফ-এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা এবং সাম্প্রতিক ঘটনাবলিতে উস্কানিমূলক ভূমিকার প্রতিবাদেই এই কর্মসূচি সংগঠিত করা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।
মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চাকমাঘাট এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তুইমধু বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বিধায়কের কুশপুতুল দাহ করে কর্মী-সমর্থকরা গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস-সহ দলীয় নেতৃত্বের একাংশ। মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ দেববর্মা। তাঁর অভিযোগ, শনিবার খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজলবাড়ি এলাকায় বিজেপির নির্ধারিত বাইক র্যালি বানচাল করতে পথ অবরোধ করা হয়েছিল। পাশাপাশি জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিজেপি নেতা প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিদ্যুৎ দেববর্মা আরও বলেন, বিধায়ক রঞ্জিত দেববর্মার অতীত ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন নৃশংস ঘটনার অভিযোগে জড়িত থাকার বিষয়েও তদন্তের দাবি তোলা হয়েছে। তাঁর বক্তব্য, “নিহত পরিবারের সদস্যরা আজও বিচারের অপেক্ষায়। আইন অনুযায়ী যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
এদিকে, অভিযুক্ত বিধয়কের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ