
যমুনানগর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : হরিয়ানার যমুনানগর জেলার জগাধরী এলাকায় অবস্থিত কাঠের বাজারে বড়সড় আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। প্লাইউড কারখানার নামে ভুয়ো রসিদ তৈরি করে প্রায় ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসায়ী শুভম গর্গ থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযুক্ত আদিত্য সাইনি, যিনি কাঠের বাজারে সক্রিয় ছিলেন, বিভিন্ন প্লাইউড কারখানার নামে কাঠ সরবরাহের ভুয়ো রসিদ দেখিয়ে তাঁর কাছ থেকে ধারাবাহিকভাবে অর্থ নিতে থাকেন। পূর্বপরিচয় ও ব্যবসায়িক বিশ্বাসের কারণে অভিযোগকারী প্রথমে বিলের সত্যতা নিয়ে সন্দেহ করেননি।
অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অভিযুক্ত বিভিন্ন কারখানার নামে পেশ করা রসিদের ভিত্তিতে প্রায় ৪৯ লক্ষ টাকা নেন। পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজন ও ঠিকাদারদের অর্থ প্রদানের অজুহাতে আরও ৬ লক্ষ টাকা নগদ নেওয়া হয়। সব মিলিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পরবর্তীকালে ব্যবসায়িক লেনদেনের হিসাব মেলাতে গিয়ে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তদন্তে জানা যায়, একাধিক রসিদ সম্পূর্ণ ভুয়ো, আবার কিছু ক্ষেত্রে যে কারখানাগুলোর নাম ব্যবহার করা হয়েছে, সেগুলি আগেই বন্ধ হয়ে গিয়েছে এবং উক্ত ওইসব নথির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। অভিযোগকারী জানিয়েছেন, বিষয়টি সামনে আসার পর অভিযুক্ত প্রথমে লিখিতভাবে টাকা ফেরতের আশ্বাস দিলেও পরে তা মানতে অস্বীকার করেন। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানো ও গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর জগাধরী থানায় প্রতারণা-সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য