
গুয়াহাটি, ২৫ ফেব্ৰুয়ারি (হি.স.) : গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত ‘ইন্ডিয়ান যোগা কালচার অ্যান্ড যোগা থেরাপি সেন্টার’ (আইওয়াইসি অ্যান্ড ওয়াইটিসি)-এর পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।
আজ বুধবার ‘ইন্ডিয়ান যোগা কালচার অ্যান্ড যোগা থেরাপি সেন্টার’-এর পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্ৰেস বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় (জালুকবাড়ি) বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ড. শর্মা গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-র ২০২৫-২৬ অর্থবর্ষের অনুদান প্রকল্পের অধীনে এই আর্থিক সহায়তা প্রদান করেছেন। অনুদানটি মূলত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতর সংলগ্ন মালিগাঁও এলাকার পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
‘ইন্ডিয়ান যোগা কালচার অ্যান্ড যোগা থেরাপি সেন্টার’-এর প্রতিষ্ঠাতা তথা সভাপতি যোগাচার্য শুভাশিস কর এবং তাঁর সহকর্মীরা এই সহায়তার জন্য রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ‘ইন্ডিয়ান যোগা কালচার অ্যান্ড যোগা থেরাপি সেন্টার’-এর মাধ্যমে বহু যোগসাধক মানসিক, শারীরিক ও বৌদ্ধিক বিকাশে বিশেষ উপকার পেয়েছেন। তাঁদের মধ্যে অনেকে প্রথমে রোগী হিসেবে কেন্দ্রে আসেন। পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে যোগশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হন। এভাবেই ‘সুস্থ ও সমৃদ্ধ অসম’ গড়ার মহৎ লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
‘যোগের মাধ্যমে সুস্থ ও সমৃদ্ধ অসম গঠন’ এই প্রতিষ্ঠানের একটি সমন্বিত প্রকল্প। প্ৰকল্পটি রাজ্যের ক্রীড়া দফতরের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের ২৬ হাজার গ্রামে পুরুষ ও মহিলা সহ মোট ৫২ হাজার যোগ প্রশিক্ষকের প্রয়োজন।
পরিকল্পনা অনুযায়ী গুয়াহাটিতে একজন রাজ্য প্রধান সমন্বয়কারী থাকবেন। জেলা পর্যায়ে থাকবেন জেলা সমন্বয়কারী, ব্লক পর্যায়ে ব্লক সমন্বয়কারী এবং সর্বশেষ পঞ্চায়েত পর্যায়ে সমন্বয়কারীরা প্রত্যেক গ্রামের যোগশিক্ষকদের কার্যক্রম তদারকি করবেন। অর্থাৎ, এটি হবে উপর থেকে নীচ পর্যন্ত সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো। ইতিমধ্যেই অসম সরকার রাজ্যের ৩৩টি জেলায় জেলাস্তরের সমন্বয়কারী বা যোগশিক্ষক নিয়োগ করেছে বলে জানানো হয়েছে প্রেস বিবৃতিতে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস