
পুঞ্চ, ২৫ ফেব্রুয়ারি ( হি. স.): জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর মহকুমার কসবালারি এলাকায় বুধবার নিরাপত্তা বাহিনীর এক বিশেষ তল্লাশি অভিযানে (সিএএসও) বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেন্ধর থানার অন্তর্গত কসবালারি গ্রামের মোহল্লা সলানিতে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় জওয়ানরা একটি বড় দেশি বোমা, যার ওজন প্রায় ৪.৫ কেজি, উদ্ধার করে। এর পাশাপাশি একটি ছোট আইইডি, দুটি চিনা গ্রেনেড, একটি ৯ মিমি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৭.৬২ মিমি-র ২২ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি পুরনো কালো ব্যাগ উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সময়মতো এই বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হওয়ায় বড়সড় কোনও নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে এবং কোনও ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। এই বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র ওই এলাকায় কীভাবে এল এবং এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি