জৌনপুরে লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের গুলিতে ব্যক্তির আত্মহত্যার অভিযোগ, মৃত্যুর আগে তিনটি ভিডিও রেকর্ড
জৌনপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুর জেলার জালালপুর থানার অন্তর্গত মাঝগওয়ান খুর্দ গ্রামে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার স
জৌনপুরে লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের গুলিতে ব্যক্তির আত্মহত্যার অভিযোগ, মৃত্যুর আগে তিনটি ভিডিও রেকর্ড


জৌনপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুর জেলার জালালপুর থানার অন্তর্গত মাঝগওয়ান খুর্দ গ্রামে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জয় যাদব (৪৮)। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকাল পর্যন্ত দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে দেখা যায়, ওই ব্যক্তি বিছানায় নিথর অবস্থায় পড়ে রয়েছেন। দুপুর প্রায় ১২টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে সঞ্জয় যাদব তিনটি ভিডিও রেকর্ড করেছিলেন, যা বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলিতে তিনি পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। পাশাপাশি প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদনও জানিয়েছেন। ভিডিওগুলির বিষয়বস্তু ও সত্যতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সঞ্জয় যাদব তিন ভাইদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। তিনি গ্রামে থেকে কৃষিকাজ ও ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছেন। ঘটনার সময় তিনি বাড়ির দ্বিতীয় তলায় একাই ছিলেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande