সিউড়ি জেলা আদালতে বোমাতঙ্ক, তল্লাশিতে মিললো না কিছুই
বীরভূম, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): এ বার বোমাতঙ্ক সিউড়ি জেলা আদালতে। মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে বুধবার বীরভূম জেলার সিউড়ি আদালতে এমন খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেতেই পুলিশ ও বোমা নিষ্ক্রিয়
সিউড়ি জেলা আদালতে বোমাতঙ্ক, তল্লাশিতে মিললো না কিছুই


বীরভূম, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): এ বার বোমাতঙ্ক সিউড়ি জেলা আদালতে। মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে বুধবার বীরভূম জেলার সিউড়ি আদালতে এমন খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেতেই পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল আদালত চত্বর ঘিরে ফেলে, চলে চিরুনি তল্লাশি৷ তবে, রাজ্যের অন্যান্য আদালতের মতোই এ দিন সিউড়ি জেলা আদালতেও কোনও বোমা খুঁজে পাওয়া যায়নি।

জানা গিয়েছে, বুধবার সকালে জেলা আদালতের কাছে একটি অচেনা ইমেল আইডি থেকে ইমেল পাঠিয়ে জানানো হয় এদিন দুপুর ১২টার মধ্যে আদালতের সমস্ত কাজ শেষ করে বেরিয়ে যেতে, কারণ আদালত চত্বরে বোমা রাখা আছে, যা যে কোনও সময় ফেটে যেতে পারে। এই ইমেলের কথা জানার পরে আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। যদিও পুলিশের সক্রিয়তায় খুশি আইনজীবীরা। তাঁদের দাবি, মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় এমনই ভুয়ো ইমেল আসার খবর থাকায় অনেকেই এটিকে ভুয়ো বার্তা হিসাবেই ধরে নেন। তবুও কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু পুলিশের আশ্বাসে ও তৎপরতায় আতঙ্ক বেশিক্ষণ স্থায়ী হয়নি। কোথা থেকে এই ইমেল এল, কারা পাঠালো, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande