
মালদা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের এক অন্তঃসত্ত্বার মৃত্যু। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়েরা। চাঁচল থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সালমা সুলতানা, বয়স বছর সাতাশ। তাঁর বাড়ি রতুয়া ১ ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায়। তিন দিন আগে প্রসব যন্ত্রণা হলে হাসপাতালে তাঁকে ভর্তি করান পরিবারের সদস্যরা। সময় অতিবাহিত হলেও প্রসব না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন পরিবার।
মৃতার পরিবারের অভিযোগ, সিজার করার জন্য একাধিক বার চিকিৎসককে বলা হলেও গুরুত্ব দেওয়া হয়নি। সিজার না হওয়ায় সালমা-র মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতার বাবার অভিযোগ, সিজারের জন্য চিকিৎসককে একাধিক বার বলা হলেও গুরুত্ব দেননি। চিকিৎসক গুরুত্ব দিলে মেয়েটার এই অবস্থা হত না। জেলা স্বাস্থ্যকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ