
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে বুধবার বিধাননগরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান অঙ্গনওয়ারি কর্মীরা। সুপারভাইজার পদপ্রার্থী ‘প্রমোশনাল’ পরীক্ষার্থীদের নিয়োগের দাবিতে এই বিক্ষোভ হয়।
কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন চাকরীপ্রার্থীরা। বিকাশ ভবনের সামনে এক বিক্ষোভকারী বলেন, “অনেক জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে এসেছেন। কেন আমাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। ভুল বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়েছিল অনেকবার এই প্রশ্ন করেছিলাম। এই ভুলের দায় কেন আমরা নেব?”
চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৫ সালের ২৪ জানুয়ারি হাই কোর্টের রায় অনুযায়ী ‘প্রমোশনাল সুপারভাইজার’ পদের জন্য ১৭১৩টি শূন্যপদ নির্ধারিত হয়েছে। কিন্তু এখনও সেই রায় বলবৎ করা হয়নি। লিখিত পরীক্ষায় পাশ করা ১১৫২ জন ‘সুপারভাইজার’ পদপ্রার্থী ‘প্রমোশনাল’ প্রার্থীদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ তুলছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত