
দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : নির্বাচনের আগে দুর্গাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার এই ঘটনা ঘটে বেনাচিতি সংলগ্ন পাঁচমাথা মোড়ে অবস্থিত জাতীয় কংগ্রেস-এর দলীয় কার্যালয়ে। ভয়াবহ আগুনে কার্যালয়ের দ্বিতীয় তলায় মজুত থাকা দলীয় ও নির্বাচনী সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পথচলতি মানুষ কংগ্রেস কার্যালয়ের দ্বিতীয় তলার জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখতে পান। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দলীয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কার্যালয়ের তালা খুলে দেখেন, দ্বিতীয় তলার একটি ঘর দাউদাউ করে জ্বলছে।
জানা যায়, ওই ঘরে বিপুল পরিমাণ দলীয় পতাকা, ফেস্টুন, নির্বাচনী প্রচার সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র মজুত ছিল। আগুনের তীব্রতায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানান, “অফিস খুলতেই দেখি সব শেষ। অনেক কষ্ট করে তৈরি করা পতাকা, ব্যানার—কিছুই অবশিষ্ট নেই। শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা দরকার।”
দমকল সূত্রে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা