
মানিকচক, ২৫ ফেব্রুয়ারি (হি. স.):- বুধবার মালদা জেলার মানিকচক থানার চৌকিমিদাদপুর অঞ্চলের সাহেবনগরে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘিরে বিবাদের জেরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত শেখ সোহেল সাহেবনগর হাই স্কুলের ছাত্র ছিলেন এবং এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। অভিযোগ, তাঁর সহপাঠী শেখ আমরাজ সোহেলের ছবি ব্যবহার করে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে গত এক মাস ধরে অশ্লীল ছবি পোস্ট করছিল এবং কয়েকজন তরুণীকে কুপ্রস্তাব দিচ্ছিল। ফলে গ্রামের মানুষের সন্দেহ ও ক্ষোভ সোহেলের দিকেই ঘুরে যায়।ঘটনা জানতে পেরে গত রবিবার সন্ধ্যায় সোহেল বিষয়টি নিয়ে আমরাজের সঙ্গে কথা বলতে গেলে বচসা বাধে। অভিযোগ, তখন আমরাজ ও তার বাবা শেখ ফিজুর বাঁশ দিয়ে সোহেলের উপর চড়াও হন। মারধরে সোহেল অচৈতন্য হয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গেলে সোহেলের মাকেও মারধর করা হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং শেষমেশ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়