ভোটের আগে ‘মিমযুদ্ধে’ সরগরম শিল্পাঞ্চল
দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ভোটের আগেই ডিজিটাল ময়দানে শুরু হয়ে গেছে শাসক–বিরোধীর নতুন লড়াই ‘মিমযুদ্ধ’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি রাজনৈতিক ব্যঙ্গচিত্রে ভরে উঠেছে সমাজমাধ্যম। পশ্চিম বর্ধমান জেলায় এই মিমযুদ্ধে বিশেষভাবে নজর কাড়
ভোটের আগে ‘মিমযুদ্ধে’ সরগরম শিল্পাঞ্চল


দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ভোটের আগেই ডিজিটাল ময়দানে শুরু হয়ে গেছে শাসক–বিরোধীর নতুন লড়াই ‘মিমযুদ্ধ’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি রাজনৈতিক ব্যঙ্গচিত্রে ভরে উঠেছে সমাজমাধ্যম। পশ্চিম বর্ধমান জেলায় এই মিমযুদ্ধে বিশেষভাবে নজর কাড়ছে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে কেন্দ্র করে তৈরি নানা মিম।

এআই দিয়ে তৈরি একাধিক মিমে তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-কে ‘ডাকাত সর্দার’ সহ বিভিন্ন চরিত্রে তুলে ধরা হয়েছে। কোনও মিমে তাঁর এক হাতে ইনহেলার, অন্য হাতে মোবাইল ধরে সহকর্মীকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে। পান্ডবেশ্বরের চন্দ্রভাঙা গ্রামে জলের সমস্যা মেটাতে দ্রুত ইঁদারা কাটার নির্দেশ দেওয়া হচ্ছে। আবার কোনও মিমে ইডি-রেড নিয়ে ব্যঙ্গাত্মক সংলাপ জুড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি-কেও নানা বিদ্রুপাত্মক রূপে হাজির করা হয়েছে। কোথাও তাঁকে শোলের ‘গব্বর সিং’ চরিত্রে, কোথাও আবার ‘ভোটের আগে হাবল এসেছে’ - এমন সংলাপে ব্যঙ্গ করা হয়েছে। পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল-কে নিয়েও তৈরি হয়েছে ‘দিদি তোমার দেখা নেই’ শীর্ষক মিম।

সূত্রের খবর, তৃণমূল ও বিজেপি দুই দলেরই তথ্যপ্রযুক্তি টিম এই মিমগুলি তৈরি করছে। এরপর নেতা-কর্মীদের মাধ্যমে ফেসবুক-সহ বিভিন্ন সমাজমাধ্যমে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে মিমের জনপ্রিয়তা। বিপুল লাইক, ভিউ ও শেয়ার পাচ্ছে এই ডিজিটাল প্রচার। এমনকি যাঁরা সমাজমাধ্যমে ততটা সক্রিয় নন, তাঁরাও এই রাজনৈতিক মিম শেয়ার করছেন।

এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ডিজিটাল যুগে মানুষের নজর সবসময় মোবাইল স্ক্রিনে। প্রযুক্তির সুবিধা সবাই নিচ্ছে। তৃণমূলও ডিজিটাল প্রচারে এগিয়ে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল টিম এগুলো করছে। আমিও উপভোগ করছি, তবে শালীনতা বজায় থাকা দরকার।” জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, “আমি উপভোগ করছি। তবে সবার কাছে অনুরোধ, মিম যেন শালীনতার সীমা অতিক্রম না করে।”

সব মিলিয়ে, ভোটের আগে শিল্পাঞ্চলে রাজনৈতিক প্রচারের নতুন অস্ত্র হিসেবে ‘মিমযুদ্ধ’ যে কার্যত ট্রেন্ডে, তা বলাই বাহুল্য।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande