
জয়নগর, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) :দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায় সাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জয়নগর থানার উত্তর দুর্গাপুর অফিস পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি সাইকেলে সজোরে ধাক্কা মারলে চালক ও আরোহীরা সকলেই রাস্তায় ছিটকে পড়েন। আহতরা হলেন সাইকেল চালক আকবর মণ্ডল (৫৪), মোটরসাইকেল চালক সুরজ বাগানী (২০) এবং আরোহী সায়িন লস্কর (১৭)। আহত সকলেরই বাড়ি উত্তর দুর্গাপুর এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়নগরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন সুরজ বাগানীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবারের খবর অনুযায়ী, অন্য আহত ব্যক্তি আকবর মণ্ডল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং সায়িন লস্কর নামক কিশোরটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়েই জয়নগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে; স্থানীয় বাসিন্দারা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত