কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী শিবম শ্রীবাস্তব
দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি(হি.স.): ঝাড়খণ্ডের গিরিডি জেলার নির্বাচনী হিংসায় গুলিবর্ষণের মূল অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (ওরফে আজাদ)-কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাকে আটক কর
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী শিবম শ্রীবাস্তব


দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি(হি.স.): ঝাড়খণ্ডের গিরিডি জেলার নির্বাচনী হিংসায় গুলিবর্ষণের মূল অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (ওরফে আজাদ)-কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার গাড়িচালক সমির খানকে। অভিযুক্তদের কাছ থেকে আসানসোল নম্বরযুক্ত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সোমবার ঝাড়খণ্ডের গিরিডি জেলায় নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় দু’জন গুরুতর আহত হন। ভান্ডারিডি আজাদ নগরের পঞ্চাম্বা এলাকায় এই ঘটনায় গিরিডি সদর ব্লক অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ ভগতের আবেদনের ভিত্তিতে পঞ্চাম্বা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। ওই মামলায় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর শিবম শ্রীবাস্তব (আজাদ)-সহ একাধিক অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের পর সন্ধ্যায় শিবম শ্রীবাস্তব ও তার সহযোগীরা পিস্তল থেকে গুলি চালান, যাতে দু’জন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য গিরিডি থেকে ধানবাদে পাঠানো হয়। ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই খবর পেয়ে গিরিডি জেলা পুলিশ অন্ডাল থানার সঙ্গে যোগাযোগ করে। এরপর অন্ডাল থানার অফিসার-ইন-চার্জের নেতৃত্বে বিশেষ দল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে শিবম শ্রীবাস্তব ও তার গাড়িচালক সমির খানকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, সমির খান কুলটির সীতারামপুর এলাকার বাসিন্দা। শিবম শ্রীবাস্তবের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি জেলও খেটেছেন। অতীতে জেলা প্রশাসন তাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাসিত করেছিল। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি গিরিডি শহরের ঝিনঝরি মহল্লায় নিজের বাড়িতে থাকতেন। তবে সাম্প্রতিক এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। উল্লেখ্য, চলতি নির্বাচনে তাঁর মা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি পুলিশের যৌথ বাহিনী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তদের ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গিরিডি জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার ইতিমধ্যেই অন্ডাল থানায় পৌঁছেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande