
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): হাওড়ার পিলখানায় গুলি চলার ঘটনায় জড়িত দৃষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। এর আগে এলাকার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রোমোটার শফিক খানের বাড়িতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, খুনের ঘটনায় মূল অভিযুক্ত দু’জনেই বিধায়কের ঘনিষ্ঠ। এমনকি, এলাকার ওই কুখ্যাত দুষ্কৃতীদের বিধায়কের পিছনে বসে মোটরবাইকে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে বলে তাঁদের অভিযোগ।
বিক্ষোভকারীদের আশঙ্কা, যে হেতু দুই দুষ্কৃতী বিধায়কের ঘনিষ্ঠ, তাই পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না। পুলিশ যাতে রাজনৈতিক চাপ উপেক্ষা করে দুষ্কৃতীদের গ্রেফতার করে, সেই দাবিতেই এ দিন দুপুরে পিলখানার মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। যার জেরে গোটা এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠে। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে।
উল্লেখ্য, হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে শফিক খানকে গুলি করে পালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় প্রোমোটার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ