
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড বিকল হলেও যাতে মেট্রো পরিষেবা ব্যাহত না হয়, সেই লক্ষ্যে কলকাতা মেট্রোয় চালু হল অত্যাধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS)। দেশের প্রাচীনতম মেট্রো পরিষেবায় এই প্রথমবার মাইক্রো গ্রিড ভিত্তিক ব্যাটারি ব্যাকআপ ব্যবস্থা কার্যকর করা হল। দক্ষিণ-উত্তর করিডোর বা ব্লু লাইনের প্রায় ৩৫ কিলোমিটার রুটে এই ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।মোট ৬.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে রয়েছে ৮৮টি র্যাক, প্রতিটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংযুক্ত। চার্জ ও ডিসচার্জ সময় এক ঘণ্টা করে এবং দৈনিক একবার চক্রে এর আয়ু ১৩ বছরের বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে নির্মিত এই ব্যবস্থায় মূলত অক্সিলিয়ারি লোড ব্যাকআপ, পিক শেভিং, পাওয়ার ফ্যাক্টর সংশোধন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থাপনার কাজ করা হবে।দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। গ্রিড ব্যর্থ হলেও ট্রেন নিকটবর্তী স্টেশনে পৌঁছাতে পারবে, ফলে টানেলে যাত্রী আটকে পড়ার আশঙ্কা কমবে। রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব হবে। মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানান, এই প্রকল্পের ফলে মাসে প্রায় ৪.২৫ লক্ষ টাকা সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাস পাবে। ভবিষ্যতে আরও উচ্চক্ষমতাসম্পন্ন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়