
ভাঙড়, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাস্তায় কেমিক্যাল ভর্তি ড্রামের বিস্ফোরণে আহত আরও এক নাবালকের মৃত্যু। এম আর বাঙ্গুর হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ভাঙড় বিস্ফোরণে দগ্ধ ৮ বছরের সাদিকুল আহমেদের। বাকি দু’জন এখনও চিকিৎসাধীন। কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটায় পুড়ে গিয়েছিল সাদিকুলের শরীরের ৯৫ শতাংশ।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ভাঙড়ের খড়গাছি চাঁদপুর এলাকায় বাড়ির সামনে রাস্তা সারাইয়ের জন্য রাখা কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ হয়। সাদিকুল ও আরও তিনজন আহত হয়েছিল। ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি এলাকায় কেমিক্যাল বোঝাই ড্রাম ফেটে দুর্ঘটনা ঘটেছিল ওই দিন। ওই এলাকায় প্রায় ৭ কিলোমিটার রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশেই ছিল ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) ভর্তি একটি ড্রাম। এই রাসায়নিক দিয়ে পিচ ও অ্যাসফাল্টকে গলিয়ে কাজ হয়। খড়গাছি এলাকায় ওই ড্রামগুলির পাশেই খেলা করছিল চারটি শিশু।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ