
গ্যাংটক, ২৫ ফেব্রুয়ারি ( হি. স.) : পূর্ব সিকিমে গত কয়েকদিন ধরে চলা ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার বিকেলে হঠাৎ তুষারপাতের তীব্রতা বেড়ে যাওয়ায় শেরাথাং ও ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়ে আটকে পড়েন হাজার হাজার পর্যটক। পুরু বরফের চাদরে রাস্তার চাকা আটকে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে পিচ্ছিল বরফ দেখা দেওয়ায় গাড়ি চলাচল কার্যত অসম্ভব ও বিপজ্জনক হয়ে পড়ে। এই সংকটকালীন পরিস্থিতিতে মঙ্গলবার রাতভর ভারতীয় সেনাবাহিনী, সিকিম পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথ উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৭৩৬ জন পর্যটককে উদ্ধার করেছে। বুধবার সকালের মধ্যে তাঁদের সকলকেই নিরাপদ স্থানে এবং গ্যাংটকে সরিয়ে আনা হয়েছে।
সিকিম প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মাইল ও ১৩ মাইলের মধ্যবর্তী থুলা খোলা এলাকা প্রায় এক ফুট গভীর বরফে ঢেকে যায়। এই এলাকায় এবং ছাঙ্গু উপত্যকা সংলগ্ন পথে মোট ৫৪১টি পর্যটকবোঝাই গাড়ি আটকে পড়েছিল। জওয়ানরা হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ ছাউনিতে নিয়ে যান এবং সেখানে তাঁদের খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এর আগে সোমবারও নাথু-লা পাস থেকে ফেরার পথে প্রায় আটশো পর্যটককে উদ্ধার করেছিল সেনাবাহিনী। বর্তমান আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে সিকিম পর্যটন দফতর থেকে পর্যটকদের অত্যন্ত ঝুঁকিপ্রবণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তুষারপাতের সময় যানবাহনের জন্য 'স্নো চেইন'-সহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম বহন করা বাধ্যতামূলক করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি