
দক্ষিণ ২৪ পরগনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): স্কুলেই মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের সুভাষগ্রাম এলাকার একটি বেসরকারি স্কুলে। ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন স্কুলে পরীক্ষা ছিল। অন্যান্য দিনের মতোই সকালে স্কুলে আসে পৃথ্বীরাজ হালদার নামে ওই ছাত্র। স্কুলে আসার মিনিট পঁয়তাল্লিশ পরে স্কুলের তরফে ছাত্রটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যদের জানানো হয়, ওই ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। স্কুলের তরফে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যেরা সেখানে গিয়ে দেখেন, পৃথ্বীরাজের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন ছাত্রের বাবা। স্কুলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ