
মালদা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায়। বৈষ্ণবনগর থানার পুলিশ পারদেওনাপুর-শোভাপুর অঞ্চলের অনন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে তিনটি জারভর্তি তাজা বোমা উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বাঁশবাগানের ভেতর থেকে জারবন্দি অবস্থায় বোমাগুলি উদ্ধার করে। এরপর নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে অনুমান, নির্বাচনের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে এগুলি সেখানে লুকিয়ে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়