
নয়ডা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : স্ত্রী ও সন্তানদের সামনে দিনদুপুরে ব্যবসায়ী নিতিন নাগরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উত্তর প্রদেশের নয়ডা জেলার ইকোটেক-১ থানার অন্তর্গত এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের সময় এক দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। বাকি দু’জনকে পরে গ্রেফতার করা হয় । অভিযুক্তদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ ।
বুধবার ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ৩) সুধীর কুমার জানান, মঙ্গলবার দুপুরে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীরা লুক্সর গ্রামের পুয়ারি এলাকার কাছে যাচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে মনুর পায়ে গুলি লাগে। পরে রাজেশ ও নিতিনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মধ্যে মনু ও নিতিন লুক্সর গ্রামের, আর রাজেশ ঘাঘোলা গ্রামের বাসিন্দা। অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে।
তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের ১৭ আগস্ট লুক্সর গ্রামের ঠিকাদার বিনয় সিংহকে গুলি করে খুন করা হয়েছিল। সেই মামলায় নিহত নিতিন নাগরের ভূমিকার তথ্য পায় পুলিশ। রাখি বন্ধনের দিন জামিনে মুক্তির পর থেকেই নিতিন নাগর হুমকি পাচ্ছিলেন বলে পরিবারের অভিযোগ। মুক্তির পর তাঁর উপর দু’বার হামলার চেষ্টা হয়। পুলিশ আরও জানায়, মঙ্গলবার দুপুরে লুক্সর গ্রামেই নিতিন নাগরকে ঘিরে গুলি চালানো হয় এবং পরে তাঁর গলাও কেটে দেওয়া হয়। স্ত্রী ও সন্তানরা বাধা দিতে এলে দুষ্কৃতীরা তাঁদেরও অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে গ্রেটার নয়ডার কৈলাস হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার দ্রুত উদ্ঘাটনে জন্য পুলিশের তিনটি দল কাজ করছে। এক অভিযুক্ত নিজেই নিজেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাসপাতালে ভর্তি। তাঁর উপরও নজরদারি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য