স্বনির্ভরতার পথে জঙ্গলমহলের তরুণীরা, ঝাড়গ্রামে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির
ঝাড়গ্রাম, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র। বুধবার থেকে ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যালয়ে শুরু হয়েছে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। ২৫ ফেব্রুয়ারি শুরু হও
স্বনির্ভরতার পথে জঙ্গলমহলের তরুণীরা, ঝাড়গ্রামে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির


ঝাড়গ্রাম, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র। বুধবার থেকে ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যালয়ে শুরু হয়েছে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কর্মশালা চলবে শুক্রবার পর্যন্ত।

এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৪০ জন তরুণী অংশগ্রহণ করেছেন। তাঁরা রান্নাকে পেশা হিসেবে গ্রহণ করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রথম দিনের কর্মসূচিতে রন্ধন বিশেষজ্ঞ বিধান দেবনাথ ও ইন্দ্রানী বালা আধুনিক পদ্ধতিতে বিভিন্ন বিশেষ পদ প্রস্তুতের কৌশল হাতে-কলমে শেখান। কম খরচে, সহজ উপায়ে এবং বাণিজ্যিকভাবে উপযোগী আকর্ষণীয় খাবার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষকরা নিজেদের স্বনির্ভর হয়ে ওঠার অভিজ্ঞতাও ভাগ করে নেন অংশগ্রহণকারীদের সঙ্গে।

জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র সূত্রে জানা গেছে, শিবিরের বাকি দুই দিনে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার প্রাথমিক ধারণা, স্বনির্ভরতার বিভিন্ন দিক এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি অংশগ্রহণকারীকে একটি কিট ব্যাগ, ছাতা ও জলের বোতল-সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি তিন দিনে প্রতিদিন ২৫০ টাকা করে মোট ৭৫০ টাকার বিশেষ উৎসাহ ভাতাও দেওয়া হবে।

জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ-অধিকর্তা অরুণাভ দত্ত জানান, নারীরা দক্ষতা অর্জন করে আত্মনির্ভর হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আয়ের নতুন পথ সৃষ্টি করাই মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande