ধর্মনগরের ডেলিভারি কর্মী প্রসেনজিৎ মৃত্যুকাণ্ডে বড় মোড়, মামলা গড়াল দায়রা আদালতে
ধর্মনগর (ত্রিপুরা), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরের ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলাটি নতুন মোড় নিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বুধবার আদালত অভিযুক্তদের কোনও ধরনের জামিন মঞ্জুর না করে মামলাটি জেলা ও দ
জেলা ও দায়রা আদালত


ধর্মনগর (ত্রিপুরা), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরের ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলাটি নতুন মোড় নিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বুধবার আদালত অভিযুক্তদের কোনও ধরনের জামিন মঞ্জুর না করে মামলাটি জেলা ও দায়রা আদালতে প্রেরণের নির্দেশ দেয়।

হাইকোর্টের আইনজীবী দেবদাস বকসি জানান, ঘটনার প্রায় ৭২ দিন পর তদন্তকারী সংস্থা এই মামলায় চার্জশিট দাখিল করে। চার্জশিট জমা পড়ার পর পুনরায় শুনানিতে অভিযুক্তদের আদালতে হাজির করা হলে বিচারক মামলাটি জেলা ও দায়রা আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

আইনজীবী দেবদাস বকসি বলেন, তিনি গত ৭২ দিন ধরে মামলাটি পরিচালনা করছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তরা জেল হেফাজতে থাকাকালীন মামলার সাক্ষীদের বিভিন্নভাবে প্রভাবিত ও হুমকি দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি আদালতের নজরেও আনা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে বলে তাঁদের আশা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে শুরু থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও প্রতিক্রিয়া দেখা যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। মামলার অগ্রগতিতে তাঁরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। মামলার বিষয়টি সমাজের সামনে তুলে ধরায় সংবাদমাধ্যমের ভূমিকাকেও ধন্যবাদ জানান আইনজীবী দেবদাস বকসি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande