
কৈলাসহর (ত্রিপুরা), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর সফরে এলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহল। তাঁর সফরকে ঘিরে বুধবার সকাল থেকেই প্রশাসনিক মহলে তৎপরতা লক্ষ্য করা যায়।
সফরের শুরুতেই প্রতিমন্ত্রী কৈলাসহর সার্কিট হাউসে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ডঃ তমাল মজুমদার, মহকুমা শাসক বিপুল দাসসহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। জেলার সার্বিক উন্নয়নমূলক প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বিমান পরিবহন ব্যবস্থার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্য পূরণে উত্তর-পূর্বাঞ্চল বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্পের প্রসারের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।
প্রশাসনিক বৈঠক শেষে প্রতিমন্ত্রী জেলার ঐতিহাসিক শৈব তীর্থক্ষেত্র ঊনকোটি পরিদর্শন করেন। সেখানে পর্যটকদের জন্য বিদ্যমান পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ