
কৈলাসহর (ত্রিপুরা), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মূর্তিছড়া চা-বাগান এলাকায় বিজেপি কর্মী সন্দীপ কুর্মির রাবার বাগানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ১০০ কানি যৌথ সম্পত্তির মধ্যে অর্ধেকেরও বেশি অংশ পুড়ে গেছে। আনুমানিক ১০ হাজার রাবার গাছের মধ্যে অন্তত ৫ হাজার গাছ পুড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় ঘটনার পিছনে সীমান্তপারের কোনও চক্র জড়িত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসী। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন সন্দীপ কুর্মি ও স্থানীয় বাসিন্দারা। সীমান্তে প্রহরারত ১৯৯ ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানরা দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তাঁদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নেভায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ঘটনা প্রসঙ্গে সন্দীপ কুর্মি বলেন, “এটি সুপরিকল্পিত নাশকতা। সীমান্ত লাগোয়া এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছি। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।”
এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেলেও এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ