
আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল স্তরে আরও সুদৃঢ় ও কার্যকর করে তুলতে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আগামী ২৭ ফেব্রুয়ারি প্রজ্ঞা ভবনে সকাল ৯টা থেকে এক বিশেষ আলোচনাচক্র ও কর্মশালা অনুষ্ঠিত হবে। বুধবার বিধানসভার কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং বিধানসভার সচিব অমিয় কান্তি নাথ।
সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ জানান, কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ‘জনপ্রতিনিধিদের সকল স্তরের মানুষের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা’। সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা এবং জনগণের করের অর্থের যথাযথ ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া এবং নিয়মিত চর্চা ও মূল্যবোধের বিকাশের মাধ্যমেই তা শক্তিশালী হয়। কর্মশালায় তৃণমূল স্তর থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ পাবেন এবং বিধানসভার কার্যপ্রণালী ও আইনসংক্রান্ত নানা বিষয়ে ধারণা লাভ করবেন।
কর্মশালার উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সংসদীয় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বিষয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজ্যসভার উপ-চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল।
এছাড়াও রাজ্যসভা ও লোকসভার সাংসদ, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি, টি.টি.এ.এ.ডি.সি.-র প্রতিনিধি, পুর নিগম ও পুরসভার সদস্যসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা অংশ নেবেন। জনপ্রতিনিধিদের আরও সংবেদনশীল, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করে তুলতেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে বিধানসভা সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ