
কিশতওয়ার, ১৬ মার্চ (হি.স.): প্রবল তুষারপাত এবং ধসে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলা। সোমবার ভোররাতে ডাংডুরু এলাকায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাছে আচমকা ধস নামে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত এক শ্রমিকের। আহত আর এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা দু’জনেই ধসের জেরে ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন। ধসের পাশাপাশি কিশতওয়ারের উঁচু পার্বত্য এলাকা সিনথান টপে রবিবার থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে। অন্তত ২৩৫ জন পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিচু এলাকায় নামিয়ে আনা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে রয়েছেন অনেক মহিলা এবং বেশ কিছু শিশুও। প্রতিকূল আবহাওয়ার জন্য কিশতওয়ার এবং ডোডা জেলার (ডোডা শহরের পৌর এলাকা ছাড়া) সব শিক্ষা প্রতিষ্ঠান এ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ