
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): ড্রোন হানায় বিমানবন্দরের কাছে থাকা জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ায় সোমবার সকাল থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাত্রী নিরাপত্তার স্বার্থে দুবাই থেকে এবং দুবাইগামী বিমান চলাচল স্থগিত রাখার কথা জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মাঝ আকাশে থাকা বেশ কিছু বিমানকে আল-মাকতুম বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পুরো ঘটনায় পশ্চিম এশিয়ায় উড়ান যোগাযোগ ফের ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, দুবাই বিমানবন্দরের সামনে আবারও ড্রোন হামলায় জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে যায়। ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ভোরের আলো ফোটার আগেই দুবাইতে ড্রোন হামলা হয়। বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে ড্রোন এসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ দ্রুত সংশ্লিষ্ট বাহিনীকে আগুন নেভানোর কাজে মোতায়েন করেন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গোটা এলাকার নিরাপত্তা এবং নজরদারি আঁটোসাঁটো করা হয়েছে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট জ্বালানির ট্যাঙ্কটি। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ