কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বাঁকুড়ায় মৃত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি
বাঁকুড়া, ১৬ মার্চ (হি.স.) : রবিবার সন্ধ্যা নামার আগেই কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাঁকুড়া। এদিনের ঝড়-বৃষ্টিতে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন একজন। বিষ্ণুপুরে সবজি বাজারের টিনের শেড চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন চারজন।
কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বাঁকুড়ায় মৃত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি


বাঁকুড়া, ১৬ মার্চ (হি.স.) : রবিবার সন্ধ্যা নামার আগেই কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাঁকুড়া। এদিনের ঝড়-বৃষ্টিতে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন একজন। বিষ্ণুপুরে সবজি বাজারের টিনের শেড চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন চারজন। এছাড়া বিষ্ণুপুর বাউরিপাড়ায় একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়লেও অল্পের জন্য রক্ষা পান ওই পরিবারের ৬ সদস্য। ঝড়ের দাপটে ভেঙেছে হাসপাতালের একটি শেড এবং ঠান্ডা পানীয় জলের মেশিন। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে; একটি এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা আটকে থাকে।

রবিবার বিকেলের পর হঠাৎ কালবৈশাখীর প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপর শুরু হয় শিলাবৃষ্টি এবং কোনো কোনো এলাকায় মুষলধারে বৃষ্টি। বাঁকুড়া সদরসহ দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধসহ বিভিন্ন ব্লকে প্রবল শিলাবৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে বড় আকারের শিলা পড়তে শুরু করে এবং প্রায় এক ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলে। দীর্ঘদিনের দাবদাহের পর এই বৃষ্টিতে জেলাবাসী কিছুটা স্বস্তি পেয়েছেন এবং জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে।

তবে শিলাবৃষ্টিতে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষীরা এতে ভেঙে পড়েছেন। বাজারে আলুর সঠিক দাম নেই, তার ওপর ঋণ করে চাষে নেমেছিলেন তাঁরা। নতুন করে কালবৈশাখীর এই দাপটে সবজি চাষের চরম ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই শিলাবৃষ্টি নিয়ে চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। বর্তমানে মাঠে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি অনেক জায়গায় আলু তোলার কাজও চলছে। কৃষকদের আশঙ্কা, শিলার আঘাতে ফসলের পাতা ও গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলনের ওপর বড় প্রভাব পড়বে। বিশেষ করে কাঁচা সবজি ও জমিতে থাকা আলু চাষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন চাষিরা।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande