
ইটানগর, ১৬ মাৰ্চ (হি.স.) : অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের নীতিবিহার এলাকায় ভূমিধসের ফলে একটি দেওয়ালের নীচে চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। নিহতদের চোকি তাসার (২৩), গোডাক রাজা (৩০), গোডাক তাবিন (৩৫) এবং রতন বর্মণ (২৬) বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনা সম্পৰ্কে ইটানগর ক্যাপিটাল রিজিওয়নের পুলিশ সুপার জুম্মার বাসার জানান, টানা ভারী বৃষ্টিপাতের ফলে আজ সোমবার বিকাল প্রায় চারটার দিকে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। নিরবচ্ছিন্ন বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে নির্মাণস্থলের একটি দেওয়াল ভেঙে পড়ে। এতে কাদা ও ধ্বংসাবশেষ গড়িয়ে নীচে নেমে সাতজন শ্রমিককে চাপা দেয়।
ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষের নীচ থেকে সাত শ্রমিককে উদ্ধার করেয়। তবে তাদের মধ্যে চারজনকে ডাক্তাররা মৃত ঘোষণা করে বাকি তিন আহতকে হাসপাতালে ভরতি করে চিকিৎসা করা হচ্ছে।
পুলিশ সুপার বাসার বলেন, টানা বৃষ্টির দরুন পাহাড় থেকে ঘন কাদাজলের স্রোত বইতে থাকে। এতে উদ্ধারকারী দলের দেওয়ালের নীচে আবদ্ধ শ্রমিকদের সঠিক অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তবুও নানা চ্যালেঞ্জের মধ্যেও উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা করে তাদের উদ্ধার করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস