
গুয়াহাটি, ১৬ মাৰ্চ (হি.স.) : ২০২৫ সালের সাহিত্য অকাডেমি পুরস্কারপ্রাপ্ত অসমের দুই লেখক দেবব্রত দাস এবং সাহাইসুলি ব্রহ্মকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
দেবব্রত দাসকে তাঁর অসমীয়া উপন্যাস ‘কড়ি খেলর সাধু’ এবং সাহাইসুলি ব্রহ্মকে তাঁর বড়ো ভাষার উপন্যাস ‘দ্বংগ্নি লামা মুনসে গাথোন’-এর জন্য সাহিত্য অকাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।
এক বিবৃতিতে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য বলেন, এই দুই লেখকের সাফল্য সমগ্র অসমের জন্য গৌরবের বিষয় এবং এটি রাজ্যের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যকে জাতীয় স্তরে তুলে ধরেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, তাঁরা ভবিষ্যতেও ভারতীয় সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল ও বৌদ্ধিক কর্মকাণ্ডে উৎসাহিত করবেন।
এদিকে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ছবি পোস্ট করে বলেছেন, অসমের সাহিত্যিক প্রতিভা জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি দুই লেখককে অভিনন্দন জানিয়ে তাঁদের সাহিত্যিক যাত্রার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
প্রসঙ্গত, দেবব্রত দাসকে অসমীয়া সাহিত্যের একজন উত্তর-আধুনিক কণ্ঠ হিসেবে গণ্য করা হয়। তিনি কথাসাহিত্য, নন-ফিকশন, চিত্রনাট্য, সমালোচনা ও প্রবন্ধ সহ ২৫টির বেশি বই রচনা করেছেন।
এদিকে সাহিত্য অকাডেমি (ন্যাশনাল অ্যাকাডেমি অব লেটার্স) একই দিনে চলতি বছরের সাহিত্য অকাদেমি পুরস্কারের জন্য নির্বাচিত ২৪ জন লেখকের নাম ঘোষণা করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস