
বক্সনগর (ত্রিপুরা), ১৬ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায় নেশা কারবারের বিরুদ্ধে সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সোনামুড়া থানার পুলিশের বিশেষ অভিযানে এক নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন জনৈক ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর নেশা কারবারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৬)। বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত সূর্যনগরের সোনাপুর এলাকায়।
গ্রেফতারের পর পুলিশের বিশেষ দল ধৃত ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় সোনামুড়া থানার অন্তর্গত আরও কয়েকজন নেশা কারবারির নাম ও ঠিকানা সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যে ওই নাম ও ঠিকানার সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলি।
পুলিশের ধারণা, ধৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগুলে খুব শীঘ্রই এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন নেশা কারবারিকে গ্রেফতার করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ