
গুয়াহাটি, ১৬ মাৰ্চ (হি.স.) : সোমবার সকালে পর পর তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য অসম, মণিপুর এবং মেঘালয়ে। তবে মৃদু কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল ০৮টা ৩২ মিনিট ২০ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপেছে অসমের ওদালগুড়ি জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ২.৯। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর জারিকৃত বুলেটিন অনুযায়ী, অসমের ওদালগুড়ি জেলায় ২.৯ মাত্রার ভূমিকম্পটি ভারতীয় সময় ০৮:৩২:২০টায় সংঘটিত হয়েছে। কম্পনের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, অবস্থান ছিল ২৬.৬৭° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯২.২৫° পূর্বে।
এর আগে মেঘালয়েও আজ সোমবার সকাল ০৭টা ০৫ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩.৪ প্ৰাবল্যের ভূমিকম্প আঘাত করেছে রাজ্যের পশ্চিম খাসি পাহাড় জেলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র বুলেটিনে জানানো হয়েছে, এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৫.৭৩° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯১.১৭° পূর্বে।
এছাড়া এদিন ভোর ০৫টা ৫১ মিনিট ১৫ সেকেন্ডে মণিপুরের চাণ্ডেল জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জানানো হয়েছে, আজ সোমবার ভারতীয় সময় (ভোর) ০৫:৫১:১৫টায় ৩.৫ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে মণিপুরের চাণ্ডেল জেলায়। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৬০ কিমি গভীরে ২৪.০৫° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯৩.৮৮° পূর্বে।
তবে এ খবর লেখা পর্যন্ত সংঘটিত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৮ মার্চ এবং ২৪ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ এবং অসমে ভূমিকম্প হয়েছে। ৮ মাৰ্চ বিকাল ০৫টা ৩৫ মিনিট ৩০ সেকেন্ডে অরুণাচল প্ৰদেশের তাওয়াঙে ৩.২ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে।
তার আগে ২৪ ফেব্রুয়ারি অসমের শোণিতপুর জেলায় সকাল ১০টা ১৫ মিনিট ৩৯ সেকেন্ডে ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস