
বীরভূম, ১৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হতেই বিভিন্ন সরকারি প্রকল্পের হোর্ডিং, পোস্টার খোলার কাজ শুরু হয়েছে। সেই আবহেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাজ্য সরকারের গ্লো-সাইন বোর্ড প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া নিয়ে তরজা বাধল বীরভূম জেলার সিউড়িতে। বিজেপি দাবি জানায়, ঢাকলে হবে না। পুরো বোর্ড খুলে ফেলতে হবে। এ নিয়ে এ দিন সকালে বিজেপি কর্মীরা পুরসভার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। জেলা প্রশাসন ভবনের দেওয়ালে থাকা পুরসভার গ্লো-সাইন বোর্ডগুলি ঢাকা নিয়ে শুরু হয় বিতর্ক। পুরকর্মীদের কাজে বাধাও দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, এই বিষয় নিয়ে তাদের তরফে ইতিমধ্যেই কমিশনের সি-ভিজিল অ্যাপে অভিযোগ জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ