
কলকাতা, ১৬ মার্চ (হি.স.): ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর-সহ একাধিক কেন্দ্রে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। যে সব জায়গায় ভোটকেন্দ্র আছে, সেই সব জায়গায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
কেন্দ্রীয় বাহিনীকে এলাকা চিনিয়ে দেওয়ার জন্য তাদের সঙ্গে আছে কলকাতা পুলিশও। সোমবার সকালে গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজারে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। শহরের স্পর্শকাতর বুথগুলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিকে, দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। বিশেষ করে ফ্রেজারগঞ্জ এলাকায়। ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনি, সর্বত্রই টহল দিতে দেখা গিয়েছে তাঁদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ