
হাফলং (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন নবাগত জেলাশাসক তথা জেলা নিৰ্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হায়লিঙ।
আজ সোমবার ডিমা হাসাওয়ের ডিস্ট্রিক্ট কমিশনার (জেলাশাসক) হিসেবে দায়িত্ব নিয়ে বিকালে তাঁর সরকারি কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার প্ৰস্তুতি সম্পৰ্কে তথ্য দিচ্ছিলেন নবাগত ডিস্ট্ৰিক্ট কমিশনার গায়ত্রী দেবীদাস হায়লিঙ। সাংবাদিক সম্মেলন তিনি বলেন, ডিমা হাসাওয়ের নতুন জেলা কমিশনার হিসেবে আজ দায়িত্ব নিয়ে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্ৰতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। সোমবার থেকে আগামী ২৩ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন জেলা কমিশনারের কার্যালয়ে দ্বিতল ভবনে রিটার্নিং অফিসার একে ইলিয়াস আহমেদের দফতরে।
জেলা কমিশনার জানিয়েছেন, ২৪ মার্চ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ২৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন এবং ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
গায়ত্রী দেবীদাস হাইলিঙ জানিয়েছেন, ডিমা হাসাও জেলায় মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২০৪। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৬৪১ জন, মহিলা ভোটার ৭৯ হাজার ৯২৫ জন। প্রবীণ নাগরিক ভোটার ৬৭৬ জন এবং বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৯৩২ জন। ডিমা হাসাও জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র ২৬১টি। এর মধ্যে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র ৭৬টি এবং ১১টি ভোটগ্রহণ কেন্দ্র নেটওয়ার্কের বাইরে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
এই ১১টি ভোটকেন্দ্রে মোবাইল থেকে শুরু করে কোনও ধরনের নেটওয়ার্ক নেই, জানিয়েছেন জেলা কমিশনার গায়ত্রী দেবীদাস। তিনি বলেন, ডিমা হাসাও জেলা একটি অতি সুন্দর জায়গা। এখানে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর মানুষ খুবই শান্তিপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অসমের এই পাহাড়ি জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের কাছে আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত জেলাশাসক গায়্ত্রী দেবীদাস হায়লিঙ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব