
বাঁকুড়া, ১৬ মার্চ (হি.স.) : নির্বাচনের দিন ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। শালতোড়ার পর এবার ছাতনাতেও প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির অন্দরে চরম কোন্দল শুরু হয়েছে। ছাতনার বর্তমান বিজেপি বিধায়ককে আসন্ন নির্বাচনে প্রার্থী না করার দাবি তুলেছেন দলেরই একাংশ। উল্লেখ্য, গতকাল শালতোড়াতেও একদল বিজেপি কর্মী প্রকাশ্যেই বিধায়ক চন্দনা বাউড়ির বিরোধিতা করেন। তাঁদের দাবি, শালতোড়ার মতো আসন ধরে রাখতে হলে বিকল্প প্রার্থী প্রয়োজন, অন্যথায় এই আসন হাতছাড়া হতে পারে।
এদিকে, ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে পুনরায় প্রার্থী না করার দাবি তুলে এলাকায় একাধিক পোস্টার পড়েছে। এই পোস্টার ঘিরে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছিল বিজেপি। যার মধ্যে অন্যতম ছিল ছাতনা বিধানসভা কেন্দ্র। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকাতে তৃণমূল এগিয়ে যায়। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ছাতনা বাজার, লোহাগড় মোড়, ঘোষেরগ্রাম ও ঝাঁটিপাহাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারগুলি দেখা যায়।
কে বা কারা এই পোস্টার দিয়েছে তা স্পষ্ট না হলেও, তৃণমূলের দাবি, দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছেন। নির্বাচন ঘোষণা হতেই বাঁকুড়া জেলায় একের পর এক বিধানসভা এলাকায় এভাবে দলীয় কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূলের উস্কানি ও প্রত্যক্ষ মদতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, এটি পুরোপুরি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট