
কলকাতা, ১৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৩০টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা করল এসইউসিআই (কমিউনিস্ট)। সোমবার এক প্রেস বিবৃতিতে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একইসঙ্গে ৬০ লক্ষেরও বেশি ‘বিচারাধীন’ ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়েই নির্বাচন ঘোষণা করায় বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি।
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠাচ্ছে, যা কমিশনের এক্তিয়ারভুক্ত নয়। এর ফলে সংখ্যালঘু, মহিলা ও দরিদ্র মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে এসইউসিআই (সি)। দলটির দাবি, দ্রুত এই প্রক্রিয়া শেষ করে প্রকৃত ভোটারদের অধিকার সুনিশ্চিত করতে হবে।
রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চলমান তীব্র মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির কড়া সমালোচনা করেছে এসইউসিআই (সি)। এর পাশাপাশি বেকারত্ব, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শ্রমিক অধিকার খর্ব করা এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর করার বিরুদ্ধেও তারা সরব হয়েছে।
সিপিআই(এম)-সহ অন্যান্য বাম দলগুলির ভূমিকার সমালোচনা করে এসইউসিআই (সি) জানায়, জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলন জোরদার করাই তাদের মূল লক্ষ্য। সেই আন্দোলনের অংশ হিসেবেই তারা এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত