শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : ঘরোয়া শেয়ার বাজারে সোমবার শুরুর কারবারে তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও এদিনের লেনদেন শুরু হয়েছিল পতন দিয়ে। বাজার খোলার পরেই বিক্রির চাপে সেনসেক্স এবং নিফটি—উভয় সূচকই বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্য
শেয়ার বাজার


নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : ঘরোয়া শেয়ার বাজারে সোমবার শুরুর কারবারে তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও এদিনের লেনদেন শুরু হয়েছিল পতন দিয়ে। বাজার খোলার পরেই বিক্রির চাপে সেনসেক্স এবং নিফটি—উভয় সূচকই বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ক্রেতারা শেয়ার কেনায় সক্রিয় হওয়ায় সূচক দুটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এবং সবুজ সংকেতে পৌঁছায়। সকাল ১০টা পর্যন্ত লেনদেনের পর সেনসেক্স ০.০৫ শতাংশ এবং নিফটি ০.১৭ শতাংশ শক্তিশালী হয়ে লেনদেন করছিল।

সকাল ১০টা পর্যন্ত হওয়া কারবারে বাজারের হেভিওয়েট শেয়ারগুলোর মধ্যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, জেএসডাব্লিউ স্টিল, হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন এবং টাটা স্টিলের শেয়ার ২.৪৭ শতাংশ থেকে ১.৩৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শ্রীরাম ফাইন্যান্স, কোল ইন্ডিয়া, ওএনজিসি, ম্যাক্স হেলথকেয়ার এবং ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজের শেয়ার ১.৬৩ শতাংশ থেকে ০.২৪ শতাংশ পর্যন্ত পতনের সাথে লেনদেন করতে দেখা গেছে।

এখনও পর্যন্ত বাজারে ২,০৪৫টি শেয়ারে সক্রিয় লেনদেন হচ্ছে। এর মধ্যে ৮৮২টি শেয়ার লাভের মুখ দেখে সবুজ সংকেতে রয়েছে এবং ১,১৬৩টি শেয়ার লোকসানের জেরে লাল সংকেতে রয়েছে। একইভাবে সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি শেয়ারের মধ্যে ২০টি শেয়ারে কেনাকাটার চাপে সবুজ সংকেতে এবং ১০টি শেয়ার বিক্রির চাপে লাল সংকেতে রয়েছে। নিফটির অন্তর্ভুক্ত ৫০টি শেয়ারের মধ্যে ৩২টি শেয়ার সবুজ এবং ১৮টি শেয়ার লাল সংকেতে লেনদেন করছে।

বিএসই-র সেনসেক্স এদিন ১৪৮.১৩ পয়েন্ট কমে ৭৪,৪১৫.৭৯ স্তরে খোলে। লেনদেনের প্রথম পাঁচ মিনিটেই বিক্রির চাপে সূচকটি আরও পড়ে ৭৪,৩৮৪.৬১ স্তরে চলে আসে। এরপর বাজারে কেনাকাটা শুরু হলে সূচকটি উর্ধ্বমুখী হয়। সকাল ১০টা পর্যন্ত কারবারের পর সেনসেক্স ৩৮.৯৩ পয়েন্ট বেড়ে ৭৪,৬০২.৮৫ স্তরে লেনদেন করছিল।

সেনসেক্সের মতোই এনএসই-র নিফটি এদিন ৩৫ পয়েন্ট পড়ে ২৩,১১৬.১০ স্তরে লেনদেন শুরু করে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই তা আরও পড়ে ২৩,০৯৮ স্তরে নেমে যায়। এরপর ক্রেতাদের আগ্রহ বাড়ায় সূচকের উন্নতি হতে থাকে এবং প্রথম ১৫ মিনিটের মধ্যেই তা সবুজ সংকেতে পৌঁছে যায়। সকাল ১০টা নাগাদ নিফটি ৩৯.২০ পয়েন্ট মজবুত হয়ে ২৩,১৯০.৩০ স্তরে ছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande