
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): ভূ-রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকির ধরন আমূল বদলে যাচ্ছে। শনিবার কলকাতায় অনুষ্ঠিত ‘ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) ইন্ডিয়া— কলকাতা চ্যাপ্টার’-এর বার্ষিক সম্মেলনে এমনই অভিমত ব্যক্ত করলেন বিশেষজ্ঞরা। সম্মেলনে কর্পোরেট শাসন বা ‘কর্পোরেট গভর্নেন্স’ শক্তিশালী করতে অভ্যন্তরীণ নিরীক্ষার ক্রমবর্ধমান কৌশলগত ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এদিনের সম্মেলনের উদ্বোধন করেন আইআইএ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কৃষ্ণন ভেনুগোপাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমজি ইন্ডিয়ার গ্লোবাল প্রধান নীরজ বানসাল। তিনি বলেন, “বর্তমান যুগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। এর ফলে ভূ-রাজনীতি, সাইবার ঝুঁকি এবং প্রযুক্তির পরিবর্তনের প্রভাব সরাসরি ব্যবসার ওপর পড়ছে। এই পরিস্থিতিতে শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো ও ঝুঁকি ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য।”
আইআইএ ইন্ডিয়া— কলকাতা চ্যাপ্টারের প্রেসিডেন্ট অবিন মুখোপাধ্যায় জানান, অভ্যন্তরীণ নিরীক্ষা এখন আর কেবল লেনদেন যাচাই বা নিয়ম মানার মধ্যে সীমাবদ্ধ নেই। উদীয়মান ঝুঁকি চিহ্নিত করা এবং শাসন কাঠামোকে মজবুত করে সংস্থার সামগ্রিক বিকাশে সহায়তা করাও এখন নিরীক্ষকদের প্রধান দায়িত্বের অন্তর্ভুক্ত।
সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল— ‘ইন্টারনাল অডিট: কন্ট্রোল–রিস্ক–গভর্নেন্স অ্যান্ড বিয়ন্ড’। প্রযুক্তিগত বিভিন্ন অধিবেশনে দেশের নানা প্রান্তের বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষে সুমন চৌধুরীর সম্পাদনায় একটি বিশেষ স্মারক পত্রিকাও প্রকাশিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত