
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): সোমবার বিজেপির প্রথম প্রার্থীতালিকায় দ্বিতীয় বিয়ের বিতর্কে অভিযুক্ত হিরণ চট্টোপাধ্যায়ের নাম না থাকলেও বিয়ে-বিতর্কে চর্চিত বিজেপির ভরসার মুখ চন্দনা বাউড়ি।
বিধায়ক হওয়ার চারমাসেই স্বামী-সন্তানকে ছেড়ে দলের কর্মী, পেশায় ড্রাইভারকে বরমাল্য পরিয়েছিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি! অভিযোগ, স্বামী ও দুধের সন্তানের কথা চিন্তা না করেই বিবাহিত প্রেমিক কৃষ্ণকে বিয়ে করেছিলেন চন্দনা।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এহেন আচরণে দলের কর্মী-সমর্থকরাও ক্ষুব্ধ হয়েছিলেন। তবে ওই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন চন্দনা। তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। স্বামীর সঙ্গে সামান্য ঝামেলা হয়েছিল।
বিতর্ক থাকলেও বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক ছিলেন চন্দনা বাউড়ি। একাধিক গুরুত্বপূর্ণ মুখ বাদ গেলেও এবারও পদ্ম চিহ্নে তিনিই প্রার্থী হচ্ছেন। বিজেপির প্রথম প্রার্থী তালিকা সোমবার প্রকাশিত হয়েছে। সেখানেই ওই কেন্দ্রে জ্বলজ্বল করছে চন্দনার নাম।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত