
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): ভোট ঘোষণার আগে নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে গিরিশ পার্ক অঞ্চলে ধুন্দুমার কান্ড হলেও রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসা খুব একটা মাত্রা পাবে না বলে মনে করেন বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের ভোটে বাংলার বহুদিনের নির্বাচনী সংস্কৃতি বদলানো হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
সোমবার সর্বদলীয় বৈঠকের পর নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানায় কমিশন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও ভোট প্রক্রিয়া নিয়ে কড়া বার্তা দেয় কমিশন। সেই সময়ই সুব্রতবাবু বলেন, ''বাংলার যে কালচার ছিল, তা বদলাবে এই ভোটে।'' তিনি বলেন, এতদিন রাজ্যে নির্বাচনের সময় যে পরিস্থিতি দেখা যেত, এবার তার পরিবর্তন হবে। ভোট যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে কমিশন কঠোর অবস্থান নিয়েছে।
তিনি এদিন সাংবাদিকদের জানিয়েছেন, ভোট প্রক্রিয়ার প্রতিটি ধাপ কড়া নজরদারির মধ্যে রাখা হবে। নির্দিষ্ট দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা ভোট চলাকালীন নিয়মিত পর্যবেক্ষণ চালাবেন। কোথাও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সেখানে পুনরায় ভোটগ্রহণের সুপারিশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বাংলায় প্রায় প্রতিটি নির্বাচনের সময়ই হিংসার অভিযোগ সামনে আসে। পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা বা বিধানসভা - প্রতিটি ক্ষেত্রেই বিরোধী দলগুলি নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ তোলে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করেছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে তাদের বহু কর্মী এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী ঘটনাবলি নিয়েও এখনও বিতর্ক চলছে এবং তার কিছু বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত