
আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : ত্রিপুরা বিধানসভায় সোমবার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৩৪ হাজার ২১২.৩১ কোটি টাকার করহীন ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দেখানো হয়েছে ২৪০.৭২ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় এই ব্যয় বরাদ্দের প্রস্তাব ৫.৫২ শতাংশ বেশি।
বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪৫.৯২ কোটি টাকা, যা ২০২৫–২৬ অর্থবছরের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি। তিনি আরও জানান, এই বাজেটে নতুন কোনও কর আরোপের প্রস্তাব রাখা হয়নি।
স্বাস্থ্য খাতে বাজেটে ২ হাজার ৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫.২৯ শতাংশ বেশি। গ্রামীণ উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৯৪.৫৭ কোটি টাকা, যা গত বাজেটের তুলনায় ১৭.৫০ শতাংশ বেশি। এছাড়া কৃষি ও সংশ্লিষ্ট খাতে ১ হাজার ৯৮৫.৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫.৩১ শতাংশ বেশি। শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৪৩৯.৫৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধীনে আগামী অর্থবছরে রাজ্যে ৬০টি নতুন বাজার নির্মাণ করা হবে। পাশাপাশি ১০০টি কৃষক পরামর্শ কেন্দ্র, কৃষি উপবীজ সংরক্ষণাগার এবং ৩০টি কৃষক জ্ঞান কেন্দ্র স্থাপন করা হবে। উদ্যানজাত পণ্যের বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করতে ৩০টি স্থানে বাজার শেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে। আগামী শিক্ষাবর্ষে ১২টি নতুন উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
এছাড়া বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়, করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলার রাম ঠাকুর কলেজ এবং ওল্ড আগরতলা সরকারি ডিগ্রি কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। রামঠাকুর কলেজ ক্যাম্পাসে এক হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, আগরতলার এনএসআরসিসি কলেজে একটি নতুন জিমনেসিয়াম হল নির্মাণ করা হবে। পাশাপাশি এআইসিটি প্রকল্পের মাধ্যমে রাজধানী আগরতলায় অত্যাধুনিক আইটি পার্ক গড়ে তোলা হবে। স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন আগরতলা ট্রাফিক ইউনিটের জন্য নতুন ভবন নির্মাণের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ