কোভিডে চুক্তিভিত্তিক কাজ করা নার্সদের জন্য ইতিবাচক পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্য দফতরের
আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : কোভিড অতিমারির সময় জীবন বাজি রেখে চুক্তির ভিত্তিতে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে কাজ করা নার্সদের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে স্বাস্থ্য দফতর। সোমবার বেকার হয়ে পড়া ওই নার্সরা স্বাস্থ্য দফতরের অধিকর্তার
নার্সদের ডেপুটেশন


আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : কোভিড অতিমারির সময় জীবন বাজি রেখে চুক্তির ভিত্তিতে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে কাজ করা নার্সদের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে স্বাস্থ্য দফতর। সোমবার বেকার হয়ে পড়া ওই নার্সরা স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলে দফতরের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়। আশ্বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বেকার নার্সরা।

জানা গেছে, কোভিড অতিমারির সময় রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও কোভিড সেন্টারে চুক্তির ভিত্তিতে প্রায় ১৬০ জন নার্স নিয়োগ করা হয়েছিল। তাঁরা নিজেদের জীবনকে ঝুঁকির মুখে রেখে স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা কর্মহীন হয়ে পড়েন।

বর্তমানে সারা রাজ্যে প্রায় ১৬০ জন এমন নার্স রয়েছেন, যারা কোভিডের সময় কাজ করলেও এখনও স্থায়ীভাবে চাকরি পাননি। এই পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে তাঁরা সোমবার স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন এবং তাঁদের বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ডেপুটেশন গ্রহণ করে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, কোভিডের সময় চুক্তিভিত্তিক কাজ করা এই ১৬০ জন নার্সের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাঁদের অতি শীঘ্র প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এদিন ডেপুটেশনে উপস্থিত এক বেকার নার্স জানান, তাঁরা আন্দোলন করতে চান না এবং আন্দোলনের পথেও হাঁটতে আসেননি। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করা হবে এবং সেখানে ৩২২ জন নার্স নিয়োগের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় কোভিডের সময় কাজ করা কিন্তু এখনও চাকরি না পাওয়া নার্সদের নাম নথিভুক্ত করা হোক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande