
ময়ূরভঞ্জ, ১৬ মার্চ (হি.স.): আকস্মিক টর্নেডোর তাণ্ডবে রবিবার বিকেলে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবন। ধুলো-বালি ও প্রচণ্ড ঘূর্ণিঝড়ে উড়ে যায় বাড়ির চাল, ধসে পড়ে ঘরদোর, উপড়ে যায় গাছ। ২ জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন বহু গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলের দিকে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়। কয়েক মিনিট ধরে বজ্রপাতের সঙ্গে শুরু হয় ঘূর্ণিঝড়। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি এলাকা অন্ধকারে ডুবে যায়। বাধা পড়ে পানীয় জল সরবরাহেও। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ও জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। অন্তত ৭০টিরও বেশি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবারও করঞ্জিয়া তহসিলের বিভিন্ন ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। পরিস্থিতি পর্যালোচনা করে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ