
তিরুবন্তপুরম, ১৭ মার্চ (হি.স.): কেরলের তিরুবন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে আগুন। মঙ্গলবার হাসপাতালটির সার্জিক্যাল আইসিইউতে একটি ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রথম তলায় অবস্থিত সার্জিক্যাল আইসিইউ থেকে রোগীদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্কের সৃষ্টি হয় রোগী, রোগী পরিবার ও হাসপাতাল কর্মীদের মধ্যে। কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ কমিশনার কে কার্তিক বলেন, যে স্থানে আগুন লেগেছিল, সেখানে ৩২ জন রোগী উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসাকর্মীরা ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে অসুস্থ হন দু'জন চিকিৎসাকর্মী বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছেন তাঁরা। সকল রোগীকে সেখান থেকে সরিয়ে হাসপাতালের অন্য অংশে স্থানান্তর করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অস্থায়ী আইসিইউ-এর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ