ব্যাংক জালিয়াতি মামলায় ১১ বছর ধরে পলাতক অভিযুক্তকে গ্রেফতার সিবিআইয়ের
চেন্নাই, ১৭ মার্চ (হি.স.) : ব্যাংক জালিয়াতি মামলায় দীর্ঘ ১১ বছর ধরে পলাতক অভিযুক্ত এম. নাগা কুমার ওরফে তামিল সেলভানকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযুক্তকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে।
ব্যাংক জালিয়াতি মামলায় ১১ বছর পলাতক অভিযুক্ত গ্রেফতার, সিবিআইয়ের সাফল্য


চেন্নাই, ১৭ মার্চ (হি.স.) : ব্যাংক জালিয়াতি মামলায় দীর্ঘ ১১ বছর ধরে পলাতক অভিযুক্ত এম. নাগা কুমার ওরফে তামিল সেলভানকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযুক্তকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৫ সাল থেকে তদন্ত চলাকালীন পলাতক ছিলেন।

মঙ্গলবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়ান ব্যাংক-এর চেন্নাই উত্তর শাখার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল, কে. রাজেন্দ্রন (শ্রী সাই বাবা রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশনস-এর মালিক), কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কিছু সরকারি কর্মচারীরা মিলে প্রায় ৪.৬৬ কোটি টাকার জালিয়াতি করেন। ভুয়ো নথি জমা দিয়ে একাধিক গৃহঋণ নেওয়া হয়েছিল। এম নাগা কুমারও এই জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন।

২০১৭ সালের ১৪ মার্চ সিবিআই এই মামলায় ৩৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। অভিযুক্তকে ধরতে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। তদন্তে জানা যায়, অভিযুক্ত তাঁর স্ত্রীর সঙ্গে চেন্নাইয়ে ‘তামিল সেলভান’ নামে ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন। গোপন অভিযানের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করে চলতি মাসের ১৬ তারিখে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে চেন্নাইয়ের একটি আদালতে পেশ করা হলে আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande